প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুব শিগগির যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস সংশোধনী আইন পাস করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সময় ২২ হাজার যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল। ১১ হাজারের বেশি আটক ছিল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের ছেড়ে দেন। যুদ্ধাপরাধীদের বিচার-সংক্রান্ত অধ্যাদেশও তিনি বাতিল করেন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০১০ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকরের মাধ্যমে জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে। সাজা পাওয়া অন্য আসামিরা বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করে ফাঁসির রায় কার্যকর করা হবে। জেল হত্যারও বিচার করা হবে।যাঁরা পুরস্কার পেলেন: এ বছর ১০ জন ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদ এ কে এম সামসুল হক খানের পক্ষে তাঁর ছেলে ওসমান সামসুল হক প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন। সামসুল হক কুমিল্লার জেলা প্রশাসক থাকাকালে ১৯৭১ সালের ৩০ মার্চ পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। একই বিভাগে পদক নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেতার কর্মী বেলাল মোহাম্মদ।শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার নেন জিল্লুর রহমান সিদ্দিকী ও যতীন সরকার। সাহিত্যে অবদানের জন্য পুরস্কার নেন মরহুমা রোমেনা আফাজের পক্ষে তাঁর ছেলে মন্তেজুর রহমান। একই বিভাগে পুরস্কার পান মুস্তাফা নূরউল ইসলাম। সংস্কৃতিক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমীর পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক শামসুজ্জামান খান, মরহুম ওয়াহিদুল হকের পক্ষে তাঁর মেয়ে অপলা ফরহাদ নভেদ, মরহুম আলমগীর কবিরের পক্ষে তাঁর বোন বেগম মমতাজ হোসেন পুরস্কার নেন। সংস্কৃতিক্ষেত্রে পুরস্কার নেন ফেরদৌসী প্রিয়ভাষিণী।১৯৭৭ সাল থেকে প্রবর্তিত স্বাধীনতা পুরস্কার ২০০৯ সাল পর্যন্ত ১৬৭ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। পুরস্কার পাওয়া ব্যক্তিদের নগদ দুই লাখ টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়। বঙ্গবন্ধুর নাম না থাকায় ক্ষোভ: স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিভাগের পক্ষ থেকে পুরস্কার পাওয়া সুধীদের ও প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি এবং স্বাধীনতা পুরস্কার-২০১০-এর পটভূমিসংবলিত একটি পুস্তিকা প্রকাশ করা হয়। কিন্তু এই পুস্তিকার পটভূমিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেই। অনুষ্ঠানের উপস্থাপক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ পটভূমি পাঠকালেও বঙ্গবন্ধুর নাম না বলায় উপস্থিত মহলে ক্ষোভের সঞ্চার হয়। কয়েকজন সাংসদ দাঁড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দৃষ্টি আকর্ষণ করে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন। তখন মঞ্চে উপবিষ্ট প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।পুরস্কার প্রদান শেষে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা দেশকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না দুঃশাসন, দুর্নীতি এবং অশিক্ষা। থাকবে না দারিদ্র্য। মানুষ তার সম্মান এবং মর্যাদা নিয়ে গড়ে তুলবে সমৃদ্ধ জীবন।’ এ ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের লালিত স্বপ্ন বাস্তবায়নে সকলে একযোগে কাজ করি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সফলতার বর্ণনা দিয়ে বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও গত বছর দেশের অর্থনীতি ভালো ছিল। তিনি বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলতি বছর আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যোগ হবে।পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে মুস্তাফা নূরউল ইসলাম বক্তৃতায় স্বাধীনতা পুরস্কার প্রদান করায় সবার পক্ষে অভিবাদন ও ধন্যবাদ জানান।