জিয়াই আ.লীগকে বৈধতা দিয়েছেন: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগকে রাজনীতি করার বৈধতা দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর আমলেই শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন।গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন । খোন্দকার দেলোয়ার বলেন, জিয়ার প্রতিষ্ঠিত দল বর্তমানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক লেবাসে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। এতে কোনো লাভ হবে না। বিএনপির মহাসচিব আরও বলেন, এ সরকার সবসময় বিএনপিকে ধ্বংস করতে চায়। তারা এখনো সে কাজে লিপ্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, সারোয়ারী রহমান, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন প্রমুখ এ সময় দেলোয়ারের সঙ্গে ছিলেন। এ ছাড়া ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩২তম প্রতিষ্ঠবার্ষিকী পালন করেছে বিএনপি। ভোরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বেলা ১১টার দিকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেন দলের নেতা-কর্মীরা।এরপর ছাত্রদল, যুবদল, স্ব্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল এবং ওলামা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পৃথকভাবে জিয়ার মাজারে ফুল দেন। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কোরআনখানি, ইফতার পার্টি ও আলোচনা সভার আয়োজন করে দলটি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সেই থেকে এই দিনটিকে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে পালন করেন বিএনপির নেতা-কর্মীরা। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে না থাকায় আয়োজন ছিল অনেকটাই ম্লান। খালেদা জিয়া এখন ওমরাহ পালনে সৌদি আরবে আছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিন গতকাল বিকেলে আলোচনা ও ইফতার পার্টির আয়োজন করে বিএনপিপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।