জিয়াউদ্দিন বাবলুর বাবা মারা গেছেন
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর বাবা চিকিৎসক আবুল কাশেম (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ব্যাংককের বার্মিংহাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত নানা ধরনের রোগে ভুগছিলেন।
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায় বলেছেন, আজ বুধবার সন্ধ্যায় মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছাবে। মরদেহ প্রথমে মরহুমের গুলশানের বাসভবনে, এরপর রাতেই গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে নেওয়া হবে। সেখানে কাল বৃহস্পতিবার জানাজা শেষে দাফন করা হবে।
চিকিৎসক আবুল কাশেম অল বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।