জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন। পররাষ্ট্র ক্যাডারের সাবেক এই কর্মকর্তা তিন বছরের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ পেয়েছেন।
এ বিষয়ে গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ বাতিল শর্তে যোগদানের তারিখ থেকে তাঁকে নিয়োগ দেওয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়োগ-সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেন। এর ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জিয়াউদ্দিন মন্ত্রিপরিষদ থেকে দেওয়া পদমর্যাদা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, জিয়াউদ্দিন আগের (অ্যাম্বাসেডর অ্যাট লার্জ) পদমর্যাদাই পাবেন৷
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মেয়াদ আগামী জুলাই মাসের শুরুর দিকে শেষ হচ্ছে।