জিয়াউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ
স্কাইপে বিচারপতি নিজামুল হকের সঙ্গে কথিত কথোপকথন বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে প্রবাসী আইনজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনকে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ নোটিশ জারি করে এক আদেশ দেন। ট্রাইব্যুনাল আদেশে যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের একটি অংশ তুলে ধরেন। এতে ট্রাইব্যুনাল-২-এর একজন বিচারকের সম্পর্কে আহমেদ জিয়াউদ্দিন একটি মন্তব্য করেছেন। আদেশে বলা হয়, আহমেদ জিয়াউদ্দিনের এই মন্তব্য সত্যি হলে তিনি একজন তৃতীয় ব্যক্তি হয়ে ট্রাইব্যুনালের এক সদস্যকে অপসারণের ‘সুপারিশ’ করেছেন, যা সম্পূর্ণভাবে তাঁর এখতিয়ারবহির্ভূত। জিয়াউদ্দিনকে ৭ ফেব্রুয়ারি ব্রাসেলসের বাংলাদেশ মিশনে তাঁর ব্যাখ্যা জমা দিতে হবে। সাকা চৌধুরীর দুই আবেদন খারিজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা দুটি আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম আইনমন্ত্রী শফিক আহমেদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, বিচারপতি নিজামুল হককে ট্রাইব্যুনালে তলব করা এবং বর্তমান ট্রাইব্যুনালের দুই সদস্যের কেউ স্কাইপ কথোপকথনের সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আবেদন অনুত্থাপনের আবেদন করেন। ট্রাইব্যুনাল প্রথম দুটি আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।তৃতীয়টির বিষয়ে আদেশের জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করেন।