জিয়াউদ্দিনের প্রতি রাজধানীতে শেষ শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও আওয়ামী লীগের নেতা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদকে ঢাকায় শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
গতকাল জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জিয়াউদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সেখানে শ্রদ্ধা নিবেদনের শুরুতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।
জিয়াউদ্দিনের পারিবারিক সূত্র জানায়, আজ সোমবার তাঁর মরদেহ পিরোজপুরের গ্রামের বাড়িতে নেওয়া হবে। দুপুরে পিরোজপুর জিলা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
গত শুক্রবার ভোর চারটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন জিয়াউদ্দিন। শনিবার রাতে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায়।