জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন—আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের এ অভিযোগকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগের সত্যতা প্রমাণের দাবি জানান।গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বিএনপির সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সাংসদ নাসিরউদ্দীন আহাম্মেদ পিন্টুসহ নেতা-কর্মীদের ‘জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে নির্যাতন’ করার প্রতিবাদে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, কারাগারে এসব নেতার ওপর নির্যাতন করে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি কারাগারে বন্দী নেতাদের সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান।জিয়াউর রহমান সম্পর্কে আইন প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই, একজন আইন প্রতিমন্ত্রী কীভাবে এ ধরনের কথা বলেন! এসব কথার কোনো ভিত্তি নেই। এগুলো সত্যের অপলাপ।’ তিনি আইন প্রতিমন্ত্রীর প্রতি পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘আপনার কথায়, জিয়া পাকিস্তানের চর ছিলেন, তা আপনিই প্রমাণ দিন।’ মুক্তিযুদ্ধের সময় প্রতিমন্ত্রী কামরুল কোথায় ছিলেন, তাও জানতে চেয়েছেন বিএনপির এই নেতা।মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের একদল নেতাই স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান অটুট রাখার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। এ ক্ষেত্রে খোন্দকার মোশতাক আহমেদের নাম উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠনের প্রস্তাব কারা দিয়েছিলেন, কারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখতেন, তা দেশের মানুষ ভুলে যায়নি। তৎকালীন আওয়ামী লীগ নেতা ড. কামাল হোসেনের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে অবস্থানের অভিযোগও করেন ফখরুল ইসলাম। হরতাল কর্মসূচি নিয়ে সরকারি দলের সমালোচনার জবাবে ফখরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে বিএনপিঘোষিত আন্দোলনের কোনো সম্পর্ক নেই।