জিয়াউর রহমান ফাউন্ডেশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান খালেদার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে পঙ্গু ও হাত-পা হারানো নেতা-কর্মীদের জিয়াউর রহমান ফাউন্ডেশন সাহায্য করছে। তিনি অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ফাউন্ডেশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক ইফতার মাহফিলে খালেদা জিয়া এই আহ্বান জানান। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান সংগঠনটির চেয়ারম্যান।
খালেদা জিয়া বলেন, দেশের অসহায়, দরিদ্র এবং যারা সমাজে নানা রকম সমস্যার সম্মুখীন হয়, সেসব লোকদের সাহায্য করাই জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং অন্যান্য ট্রাস্টের কাজ। তিনি বলেন, ‘আমাদের দলের অনেক লোক হাত-পা হারিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের তারা সাহায্য করছে। তাদের হাত-পা (কৃত্রিম) লাগিয়ে দেয়, এগুলো ভালো কাজ। আমি ফাউন্ডেশনের সাফল্য কামনা করছি, তারা যাতে আরও বেশি কাজ করতে পারে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সাধারণ মানুষ যদি এই ফাউন্ডেশনকে সহযোগিতা করেন, সাহায্য করেন, তাহলে আমার মনে হয় দেশের কিছু গরিব মানুষ এতে উপকৃত হবে। আমরা চাই, প্রতিটি মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, আরামে থাকুক।’