আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই যুদ্ধাপরাধীদের ক্ষমা করে পুনর্বাসন করেছিলেন। পাকিস্তানের প্রতি তাঁর একটা ঋণ আছে। কারণ, তাঁর মা-বাবার কবর সেখানে। তাই পাকিস্তানিদের ঋণ শোধ করতেই তিনি রাজাকারদের ক্ষমা করেন।জাতীয় জাদুঘর মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে স্বাধীনতা চিকি ৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।আলোচনা সভায় বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ বলেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সুপরিকল্পিতভাবে বিচার-ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছেন। সেদিন হত্যার উদ্দেশ্যেই বিচারপতির দিকে ট্রে ছুড়ে মারা হয়েছিল। স্বাচিপের সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাছান, স্বাচিপের সাধারণ সম্পাদক ইকবাল আর্সনাল, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।এ ছাড়া রাজধানীতে গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁতি লীগের আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু উপস্থিত ছিলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন এস এ মালেক, ইকবাল সোবহান চৌধুরী, আবুল বারাকাত, সাদেকা হালিম প্রমুখ।