জিয়াউর রহমানের আজ ৮১তম জন্মবার্ষিকী

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন।
জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘সিপাহি-জনতা’র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়।
দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে আজ বৃহস্পতিবার বিএনপির সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেন, জিয়ার প্রদর্শিত পথেই আধিপত্যবাদের ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ঘাড়ে চেপে বসা বর্তমান ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করতে হবে। জন্মদিন উপলক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।