বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের অসাধারণ মেধা ও প্রজ্ঞা দেখে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। তিনি যেন আর রাজনীতিতে না ফিরতে পারেন, সরকার সেই ষড়যন্ত্রে লিপ্ত। গতকাল বুধবার দুপুরে দিনাজপুর লোক ভবনে বিএনপির রংপুর বিভাগের তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল জব্বারের সভাপতিত্বে ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সারোয়ারী রহমান ছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক শাহাদাত হোসেন মণ্ডল, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির সহ-উপাচার্য এম এ মুহিত, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার, সাংবাদিক আব্দুল আউয়াল ঠাকুর, নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার বক্তব্য দেন। ইউনিয়ন প্রতিনিধি সভার প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব সভায় স্বাগত বক্তব্য দেন।সভায় কবি আব্দুল হাই শিকদার তাঁর বক্তব্যে বলেন, ‘জিয়াউর রহমানের কারণেই শেখ হাসিনা দেশে ফিরে আসতে পেরেছেন, দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছে।’ প্রধান অতিথির বক্তব্যে বেগম সারোয়ারী রহমান বলেন, বর্তমান সরকার দেশ থেকে শুধু জিয়াউর রহমান এবং তাঁর পরিবার নয়, সারা দেশের বিএনপির নেতা-কর্মীদের নামও মুছে ফেলতে চায়। ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে স্বাগতিক দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিএনপির তৃণমূল পর্যায়ের এক হাজার ১০০ সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন বলে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী জানান। এর আগে সকাল ১০টায় কেন্দ্রীয় লোক ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীতের পর বেলুন উড়িয়ে দিনব্যাপী তৃণমূল প্রতিনিধি সভার উদ্বোধন করা হয়।