জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন।দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ উপলক্ষে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের কেন্দ্রীয় নেতারা তাঁর সঙ্গে থাকবেন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারাও পৃথকভাবে পুষ্পস্তবক দেবেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় এবং জেলা ও উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের কর্মসূচিও রয়েছে।দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক দল। শোভাযাত্রা উদ্বোধনকালে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, রক্তে অর্জিত বাংলাদেশকে আজ তাঁবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। অসম চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্বের মূলে আঘাত হেনেছেন। জানমালের বিনিময়ে এ চক্রান্ত রুখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ্ আমান, জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক প্রমুখ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল ‘ধানের শীষ’ নামে একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে ‘সংকটে ও নির্মাণে জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদীরা বাংলাদেশকে চারদিকে ঘিরে ধরছে। এখনই জেগে উঠতে হবে। প্রতিহত করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।