জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন করেছে স্থানীয় বিএনপি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীরা রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে ফাতেহা পাঠ করেন ও ফুল দেন।রাঙ্গুনিয়া যাওয়ার আগে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে জড়ো হন। এ সময় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। তিনি বলেন, শহীদ জিয়া আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। তাঁর ১৯ দফা ছিল দেশের অর্থনীতির মুক্তির সনদ। তিনি জাতিকে একটি স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়েছিলেন। দেশের গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। দেশের ক্রান্তিলগ্নে তিনি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন।আমীর খসরু বলেন, দেশের অর্থনীতি ধ্বংসপ্রায়। চরম সংকটের মধ্যে পড়েছে দেশ। সরকারের চরম ব্যর্থতায় ও সরকারদলীয় লোকদের লুটপাটের কারণে শেয়ারবাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। বিনিয়োগকারীরা সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। সীমাহীন ঋণ নিয়ে সরকার ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে।এদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের অনুসারীরা গতকাল আলাদাভাবে রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে ফাতেহা পাঠ করেন ও ফুল দেন।