জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল শুক্রবার মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃতু৵বার্ষিকী পালন করেছে িবএনপি৷ শেরে বাংলা নগরে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতারা৷ পাশাপাশি দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সেনাসদস্যের হাতে নিহত হন সে সময়ের রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তাঁর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা তাঁর সঙ্গে ছিলেন। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে সেখানে যান। পরে সেখানে সংক্ষিপ্ত মিলাদ ও দোয়ায় অংশ নেন খালেদা জিয়া। বিএনপির পাশাপাশি এর অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর রাজধানী উচ্চবিদ্যালয়সংলগ্ন মাঠ, মোহাম্মদপুর, কলাবাগান, হাইকোর্ট, প্রেসক্লাব, বংশাল, নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ বেশ কয়েকটি স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন খালেদা জিয়া। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু সময় কাটান তিনি। এ সময় তিনি কার্যালয়ের নিচে বিএনপি সমর্থক চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ৵াসোসিয়েশন অব বাংলাদেশ (ড৵াব) আয়োজিত বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। সন্ধ৵ায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়। রাজধানীর বিভিন্ন স্থানে খাবার বিতরণের এই কর্মসূচি আজ ও আগামীকাল চলার কথা রয়েছে।
জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন তীব্র করাই তাঁদের এ দিনের শপথ। তিনি অভিযোগ করেন, গুম-খুন, নির্যাতনের মাধ্যমে সরকার দেশে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাও নেই।