জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী আজ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
প্রতিবছর এই দিনে জিয়াউর রহমানের স্ত্রী ও বিএনপির চেয়ার–পারসন খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। আজ সকাল ১০টা ৩০ মিনিটে খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বড় ধরনের কর্মসূচি নিচ্ছে না। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করেছে। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গতকাল এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান। মাতৃভূমির মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধ শুরু করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন, রাজধানীর বিভিন্ন স্থানে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি নিয়েছে। বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে শেরেবাংলা নগরে জিয়ার কবরের পাশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।