জিয়াউল হক হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক হত্যা মামলার প্রধান আসামি নয়ন আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মোকসেদা আজগর।
আদালত সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে জিয়াউল হক হত্যা মামলার প্রধান আসামি নয়ন রাজশাহী মহানগর হাকিম আদালত-১–এ আত্মসমর্পণ করেন। এ সময় তিনি বলেন, জিয়াউল হক নিজের গুলিতেই খুন হয়েছেন। তিনি জিয়াউল হককে গুলি করেননি। তিনি বিবেকের তাড়নায় আদালতে আত্মসমর্পণ করেছেন।
এরপর তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক সেলিম বাদশা নয়নের ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের মঞ্জুর করেন।
এর আগে মামলার দুই আসামি জসীম উদ্দিন ও রবিউল ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ৩০ এপ্রিল তাঁদের আদালতে সোপর্দ করা হয়। তাঁরা প্রথম থেকেই বলে আসছেন, পাশের কক্ষ থেকে তাঁরা গুলির শব্দ পেয়ে জিয়াউল হকের কক্ষে গিয়ে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পান। মামলার তদন্ত কর্মকর্তা জানান, তিন দিনের রিমান্ডে এনেও তাঁদের কাছ থেকে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি। মামলার দুই আসামি এখনো পলাতক রয়েছেন। তাঁদের একজন হচ্ছেন কানাডাপ্রবাসী তরিকুল ও অজ্ঞাতনামা অপর এক আসামি।
গত ২৪ এপ্রিল বিকেলে রাজশাহী নগর ভবনের সামনে গ্রেটার রোড এলাকায় নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাত খাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় জিয়াউল হক পিস্তলের গুলিতে খুন হন। তাঁর কক্ষে ছিলেন ঢাকার ব্যবসায়ী নয়ন। পাশের কক্ষে ছিলেন জিয়াউল হকের ব্যবসায়ী বন্ধু জসীম উদ্দিন, রবিউল ইসলাম ও তরিকুল। হাসপাতালে নেওয়া হলে জিয়াউল হকের মৃত্যু হয়। জিয়াউল হকের সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন জসীম ও রবিউল। সেখানেই তাঁদের আটক করা হয়। কিন্তু নয়ন ও তরিকুল পালিয়ে যান।
তবে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সে সময় সাংবাদিকদের বলেছিলেন, নয়ন তাঁকে ফোন করে জানিয়েছেন যে তাঁর (নয়ন) হাত থেকেই অসাবধানতাবশত জিয়াউল হক গুলিবিদ্ধ হন।
পরের দিন জিয়াউল হকের স্ত্রী শামসুন্নাহার লতা বাদী হয়ে অজ্ঞাত একজনসহ পাঁচজনকে আসামি করে নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।