মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনা
জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলা রাষ্ট্রদ্রোহ কি না খতিয়ে দেখার প্রস্তাব
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের ‘জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা’র অপপ্রচার ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে মন্ত্রিসভায়। দেশের প্রথম রাষ্ট্রপতিকে অস্বীকার করার মতো বিষয় রাষ্ট্রদ্রোহ কি না, তা-ও বিবেচনায় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রীকে এ প্রস্তাব দেন মন্ত্রিসভার সদস্যরা। কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সভায় জানান, বিএনপির এ ধরনের অপপ্রচার বা প্রচারণায় রাষ্ট্রদ্রোহ মামলা করে ও রাজনৈতিকভাবে মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রিসভার আরেকজন সদস্য বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে গিনেস বুকে নাম ওঠানোর কথা একুশে আগস্ট গ্রেনেড হামলা পরিকল্পনার অংশও হতে পারে।
মন্ত্রিসভার অনির্ধারিত বৈঠকের আলোচনার বিষয়ে একজন মন্ত্রী বলেন, রাষ্ট্রের অস্তিত্ব ও প্রথম রাষ্ট্রপতি নিয়ে এই প্রপাগান্ডার পরও টেলিভিশন টকশোতে সুশীল সমাজের কোনো প্রতিক্রিয়া নেই। অথচ আওয়ামী লীগের বেলায় পান থেকে চুন খসলেও টকশোতে ব্যাপক হইচই হয়।
বৈঠকে আবার কেউ কেউ বিষয়টি আমলে না নেওয়ার যুক্তি দিয়ে বলেন, এসব পাগলের প্রলাপ। আমলে নেওয়ার প্রয়োজন নেই। মন্ত্রিসভায় উত্থাপিত এই বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে শোনেন। তবে কোনো প্রতিক্রিয়া জানাননি।
ক্ষুদ্র, মাইক্রো ও কুটিরশিল্প ফাউন্ডেশন হচ্ছে: গতকাল মন্ত্রিসভার বৈঠকে ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক বাস্তবায়িত দারিদ্র্য বিমোচন-সংক্রান্ত চারটি সমাপ্ত প্রকল্পের সমন্বয়ে ক্ষুদ্র, মাইক্রো ও কুটিরশিল্প ফাউন্ডেশন’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। ৫০ কোটি টাকা অনুদানসহ ১২৭ কোটি টাকা নিয়ে এর কার্যক্রম শুরু করা হবে।
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য দেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাংলাদেশ পল্ল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১৪ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।