জিয়াউর রহমানকে যাঁরা স্বাধীনতার ঘোষক বলে মানতে চান না, তাঁদের সবাইকে রাজাকার বলে আখ্যায়িত করেছেন বিএনপির নেতারা।গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খুলনা মহানগরের জিয়া হলে খুলনা বিভাগের উদ্যোগে ‘বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এ আখ্যা দেন।আলোচনা সভায় খুলনা মহানগর, জেলা কমিটি, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল জেলা কমিটির ৭০০ তৃণমূল প্রতিনিধি ও ৬০০ বুদ্ধিজীবী অংশ নেন। সভায় তারেক রহমানের বক্তৃতা ও তাঁর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর ভিডিওচিত্র দেখানো হয়। সমগ্র অনুষ্ঠান জুড়েই বিএনপির নেতা ও দলটির সমর্থক বুদ্ধিজীবীরা তারেক-বন্দনায় মেতে ওঠেন।সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করে তারেক জিয়ার পরিবারকে ধ্বংস করতে চায়। তারা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকার ও সেনাপ্রধান তাঁকে পঙ্গু করে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। তিনি বলেন, তারেক রহমান হাওয়া ভবনে বসে দেশ চালাচ্ছেন। এসব অপপ্রচার করে তারা জনগণের কাছে তারেককে খাটো করার চেষ্টা করেছে। কিন্তু এতে জনগণের কাছে তারেক রহমানের জনপ্রিয়তা আরও বেড়েছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ বলেন, দলের মধ্যে মতান্তর থাকতে পারে। কিন্তু মনান্তর হলে দলের ক্ষতি হবে। তিনি বলেন, শেখ হাসিনা ভারতের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, কিন্তু তিনি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে শিক্ষা দিতে নানা ধরনের কর্মকাণ্ড করে চলেছেন। জিয়াউর রহমানকে যাঁরা স্বাধীনতার ঘোষক বলে স্বীকার করেন না, তাঁরা রাজাকার। তিনি বলেন, খালেদা জিয়া তারেক রহমানকে আগামী দিনের নেতা হিসেবে নির্ধারণ করেছেন। তিনিই ভবিষ্যত্ রাষ্ট্রনায়ক।খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা হাসান মোহাম্মদ, কবি আবদুল হাই শিকদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ জাফর উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।