জিয়াকে যারা স্বীকার করে না, তারা যুদ্ধাপরাধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা যারা স্বীকার করে না, তারা প্রকৃত যুদ্ধাপরাধী ও রাষ্ট্রদ্রোহী।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি করেন গয়েশ্বর।
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা করেন। আওয়ামী লীগ থেকে শুরু করে কোনো দলই তখন তাঁকে চ্যালেঞ্জ করেনি। ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত তিনিই দেশের রাষ্ট্রপতি ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগে যে একেবারেই মুক্তিযোদ্ধা নেই, তা নয়। যাঁরা আছেন, তাঁরা প্রবাসী মুক্তিযোদ্ধা।
ইসিকে অভিশংসনের দাবি: সংবিধান লঙ্ঘনের দায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) অভিশংসন (ইমপিচমেন্ট) করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপি-সমর্থক পেশাজীবীদের মোর্চা সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘গণতন্ত্র, নির্বাচন কমিশন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, সংবিধানে বলা আছে এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন হতে পারে। সে ক্ষেত্রে একজন প্রধান নির্বাচন কমিশনার হতে পারেন। কিন্তু সংবিধানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের কথা বলা নেই। এটা সাংবিধানিক পদ। নির্বাচন কমিশনার আবদুল মোবারককে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার করার আইনগত কোনো ভিত্তি নেই। বিএনপিকে নিয়ে দেওয়া কমিশনার মোবারকের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা।