জিয়াকে যেকোনো সময় ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কথিত সামরিক শাখার প্রধান মেজর জিয়াউল হক ওরফে মেজর জিয়া গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় তাঁকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মেজর জিয়া আমাদের নজরদারিতে আছেন। তাঁকেও আমরা যেকোনো সময় ধরে ফেলব।’ তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী জড়িত ব্যক্তিদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। অনেকে ধরাও পড়েছে। বাকিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে।

গাজীপুর ও টাঙ্গাইলের অভিযান নিয়মিত অভিযানেরই অংশ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ ও র‍্যাবের যৌথ নেতৃত্বে গাজীপুরে অভিযান হয়েছে। টাঙ্গাইলেও একটা ঘটনা ঘটেছে এবং আরও দু-এক জায়গায় এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।