জিয়াকে শঙ্কামুক্ত বললেন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া ইসলাম
জিয়া ইসলাম

প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলাম এখন শঙ্কামুক্ত। গতকাল শুক্রবার পরীক্ষার পর সিঙ্গাপুরের গ্লেনইগল হাসপাতালের চিকিৎসকেরা প্রথম আলোকে এ কথা জানান।
৯ জানুয়ারি রাতে রাজধানীর পান্থপথে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় আছড়ে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অ্যাপোলো হাসপাতালে দুই দিন চিকিৎসার পর ১৩ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে জিয়াকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
সিঙ্গাপুরের গ্লেনইগল হাসপাতালের চিকিৎসক টিমোথি লির তত্ত্বাবধানে রয়েছেন জিয়া। গতকাল টিমোথি লি প্রথম আলোকে বলেন, জিয়া এখন শঙ্কামুক্ত। তবে তাঁর পুরোপুরি সেরে উঠতে আরও কিছু সময় লাগবে।
দুর্ঘটনায় আহত হয়ে জিয়ার মাথা, চোয়াল ও পা গুরুতর জখম হয়। রক্ত গিয়ে ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়। ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর তাঁর ফুসফুসে অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কের চিকিৎসাও চলছে। একই সঙ্গে পা, চোয়াল ও অন্যান্য আঘাতের চিকিৎসাও শুরু হয়েছে।