১৯৭১-এর ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অনুমোদন করা হয়েছে। এই ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের অংশ। কাজেই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন—এটা যাঁরা বলেন, তাঁরা মুক্তিযুদ্ধ ও সংবিধানের বিরুদ্ধে কথা বলেন। কেউ এই দাবি করলে স্বাধীনতার ঘোষণা নিয়ে উচ্চ আদালতের রায় অনুযায়ী তিনি রাষ্ট্রদ্রোহী হবেন।গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণাপত্র ও যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। একাত্তরের ১০ এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার ৩৯তম বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই আলোচনার আয়োজন করে। আলোচনার প্রধান বক্তা স্বাধীনতার খসড়া ঘোষণাপত্র রচয়িতা আমীর-উল ইসলাম বলেন, সস্তা রাজনীতির জন্য আজ স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। অথচ স্বাধীনতার ঘোষণাপত্র পড়লেই এ নিয়ে কোনো বিতর্ক হওয়ার কথা নয়। সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সাম্প্রতিককালে নিজামী-মুজাহিদরা আদালতে আত্মসমর্পণ করে প্রাণভিক্ষা চাইতে পারেন।’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘একাত্তরের ১০ এপ্রিল মুজিবনগরে স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়, তাতে স্পষ্টভাবে বলা আছে, বঙ্গবন্ধু ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন।’ সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিষয়ে আমাদের দূতাবাসগুলো এখনো তেমন সক্রিয় নয়।’ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এম এম আকাশ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস আলোচনা সভায় বক্তব্য দেন। নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির আলোচনা সভা পরিচালনা করেন ও স্বাগত বক্তব্য দেন।