জিয়ানগর ইউপি কার্যালয়ে বিদ্যুৎ নেই এক বছর
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এক বছর যাবৎ বিদ্যুৎ-সংযোগ নেই। বিদ্যুৎ না থাকায় ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
২০ জুন সকালে ইউপি কার্যালয়ে গিয়ে দেখা হয় নার্গিস আকতারের সঙ্গে। তিনি ইউনিয়নের খলিশ্বর গ্রামের বাসিন্দা। জন্মনিবন্ধন সনদ নিতে এসে পাননি। পরে অতিরিক্ত টাকা খরচ করে নিতে হয়েছে। নার্গিস আকতারের মতো এ রকম বিভিন্ন কাজে এসে বিপাকে পড়তে হচ্ছে অনেককেই।
পরিষদের সচিব রেজাউল করিম বলেন, গরমে বসে কাজ করতে হয়। এমনকি খাওয়ার পানির জন্য নেই কোনো নলকূপ। পরিষদের সামনে থাকা তারা পাম্পও নষ্ট। এক বছর আগে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। ট্রান্সফরমারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি উপজেলা কার্যালয়ে আবেদন করেও মেলেনি। প্রয়োজনীয় কাজকর্ম জিয়ানগর বাজারের একটি কম্পিউটারের দোকানে করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্য বলেন, বিএনপিদলীয় হওয়ায় চেয়ারম্যান নাশকতা মামলার আসামি। তিনি ঠিকমতো পরিষদে আসেন না। গত অর্থবছরে তাঁর নামে আট টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। তিনি রাস্তা সংস্কারের কাজ করে বাকি টাকা দিয়ে ট্রান্সফরমার কিনবেন, কিন্তু তা করেননি। এখন নতুন চেয়ারম্যান শপথ নেওয়ার পর ট্রান্সফরমার কেনার উদ্যোগ নেওয়া হবে।
গা ঢাকা দেওয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন মুঠোফোনে বলেন, ‘রাস্তার কাজের জন্য কাবিখার চাল বরাদ্দ দেওয়া ছিল। কাজ করে সোলার বিদ্যুতের ব্যবস্থা করে সব টাকা শেষ হয়েছে।’
নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, শপথ নেওয়ার পর পরিষদের সব সদস্যকে নিয়ে ট্রান্সফরমার কেনার উদ্যোগ নেওয়া হবে।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর রহিম বলেন, ট্রান্সফরমার চুরি বা নষ্ট হলে সমিতির সদস্যদের তা কিনতে হয়। তবে খুব শিগগির তাঁরা ট্রান্সফরমার কিনবেন বলে নবনির্বাচিত চেয়ারম্যান জানিয়েছেন।