জিয়ানগর উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। নির্বাচনের সময় হলফনামায় তথ্য গোপন করার দায়ে ইকরামুল কবিরের চেয়ারম্যানের পদ গতকাল বৃহস্পতিবার শূন্য ঘোষণা করেন আদালত। পিরোজপুরের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়া হায়দার গতকাল এ আদেশ দেন। একই সঙ্গে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইকরামুল কবির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় তাঁর নামে থাকা বিচারাধীন একটি ফৌজদারি মামলার কথা উল্লেখ করেননি। এই অভিযোগ এনে নির্বাচনে পরাজিত প্রার্থী ও জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান পিরোজপুর নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। শুনানি শেষে আদালত গতকাল এ আদেশ দেন। যোগাযোগ করা হলে ইকরামুল কবির জানান, তিনি আদালতের রায়ের কথা শুনেছেন। রায়ের কপি হাতে পাওয়ার পর তিনি আপিল করবেন।ইকরামুল কবির বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করে মতিউর রহমানের চেয়ে প্রায় ছয় হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন।