জিয়ানগর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকরামুল কবিরসহ দুজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম-১- এর আদালতে মামলাটি করেন জিয়ানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুস সামাদ তালুকদার। আদালত আগামী ২২ নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।জিয়ানগর ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য থাকার সময় ইকরামুলের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, কলেজে দান করা সম্পত্তি অন্যত্র হস্তান্তরসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। গত ১০ মার্চ কলেজের পরিচালনা পর্ষদের সভায় ইকরামুলকে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয় এবং তাঁর দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়। কমিটি তদন্ত করে ২৭ জুন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির কাছে প্রতিবেদন দেয়। এতে বলা হয়, পরিচালনা পর্ষদের সদস্য ইকরামুল ও রফিকুল ইসলাম কলেজের তিন লাখ ৪৪ হাজার ৫৪৫ টাকা আত্মসাৎ করেছে বলে কমিটি প্রমাণ পেয়েছে।কলেজের অধ্যক্ষ আবদুস সামাদ তালুকদার জানান, আত্মসাৎ করা টাকা কলেজ তহবিলে ফেরত দিতে ২২ আগস্ট ইকরামুল কবির ও রফিকুল ইসলামকে নোটিশ পাঠানো হয়। বিষয়টি তারা আমলে না নেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যোগাযোগ করা হলে জিয়ানগর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য ইকরামুল কবির জানান, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে এ মামলা করা হয়েছে। কলেজের তহবিল থেকে আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। পরিচালনা পর্ষদ আমাকে কোনো নোটিশও দেয়নি।’