জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট সরকারের সময়ে করা পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘শহীদ ওমর ফারুক’ করার প্রস্তাব করা হয়েছে। গত সোমবার উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ প্রস্তাব করা হয়।সোমবার ওই সভায় উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারেক আলী শেখ এই নাম পরিবর্তনের প্রস্তাব দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির ওরফে মজনু। প্রস্তাবটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন জানান, সভায় স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল উপস্থিত ছিলেন। জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের প্রস্তাব জেলা প্রশাসকের দপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হবে।তোফায়েল হোসেন আরও বলেন, বিগত সরকারের আমলে জিয়ানগর উপজেলা গঠন করা হয়। তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালের ২১ এপ্রিল এই উপজেলার কার্যক্রম উদ্বোধন করেন। কাউখালী উপজেলার আশোয়া আমড়াজুড়ি গ্রামের ওমর ফারুককে ১৯৭১ সালের ৪ জুন বরিশালের ত্রিশ গোডাউন এলাকায় পাকিস্তানি সেনারা হত্যা করে। এখন ওই শহীদের নামে উপজেলার নামকরণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।