জিয়ানগর উপজেলার নাম বদলে ইন্দুরকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানি নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া কুমিল্লায় লালমাই নামে নতুন একটি উপজেলা এবং চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীকে পৌরসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিকারের সভার আগে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। মন্ত্রিসভার বৈঠকে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপলাইন স্থাপনের জন্য গাজীপুরে ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দেওয়া হয়।

নিকার ও মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের সিদ্ধান্তগুলো জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০০২ সালে পিরোজপুরে জিয়ানগর নামে নতুন একটি উপজেলা হয়েছিল। তবে থানার নাম ইন্দুরকানিই ছিল। এখন জিয়ানগর উপজেলার নামও ইন্দুরকানি হবে। স্থানীয় জনগণের দাবি অনুযায়ী এটি করা হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, এখানে আগে থেকে ইন্দুরকানি থানা থাকলেও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জিয়ানগর উপজেলা করা হয়। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী তখন ওই এলাকার সাংসদ ছিলেন।

নিকারের সভায় কুমিল্লায় নয়টি ইউনিয়ন নিয়ে লালমাই নামে একটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আটটি ইউনিয়ন কুমিল্লা সদরের। এটি হবে দেশের ৪৯১তম উপজেলা। এই উপজেলার জনসংখ্যা ২ লাখ ২০ হাজার ৩২ জন। এর আয়তন হবে ১৪৭ দশমিক শূন্য ৩ বর্গকিলোমিটার। সভায় চট্টগ্রামের দোহাজারী ইউনিয়নকে পৌরসভা করার সিদ্ধান্ত হয়েছে। এই পৌরসভার জনসংখ্যা ৫৬ হাজার ৬৩৩ জন।

১৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি বলেন, ২০২২ সাল পর্যন্ত গাছ কাটায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু জাতীয় স্বার্থে মন্ত্রিসভা এই গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে। মোট গাছের মধ্যে ৪ হাজার ১১টি বিক্রয়যোগ্য। বাকি ৯ হাজার ৩৪৫টি চারাগাছ। তবে এর বিপরীতে দ্বিগুণ গাছ রোপণ করা হবে। অর্থাৎ ২৬ হাজার গাছ লাগানো হবে।

মন্ত্রিসভার বৈঠকে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন, ২০১৬-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংশোধনীতে ব্যাটালিয়ন আনসারের চাকরি স্থায়ী হওয়ার জন্য কমপক্ষে ছয় বছর করা হয়েছে। আগে কমপক্ষে নয় বছর চাকরি করলে তা স্থায়ী করার সুযোগ পেতেন তাঁরা।

সভায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা।