জিয়ানগর ও মঠবাড়িয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ার ও টানা বর্ষণে পিরোজপুরে শত শত কাঁচা বাড়িঘর বিধ্বস্ত ও কয়েক হাজার পুকুর এবং ঘেরের মাছ ভেসে গেছে। জিয়ানগর ও মঠবাড়িয়া উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পিরোজপুর শহরতলির সংযোগ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে।মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কবির জানান, টানা বর্ষণ ও জোয়ারের পানির চাপে খেতাচিড়ার খলিল মোল্লার বাড়ি, মুসল্লিবাড়ি ও কচুবাড়িয়া এলাকায় পাউবোর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া উপজেলার বাবুবাজার ও তাফালবাড়ি এলাকায় বেড়িবাঁধের বাইরে বসবাসকারী প্রায় ৪০০ পরিবার পানিবন্দী অবস্থায় আছে বলে তিনি জানান। খেতাচিড়া বাঁধ এলাকার বাসিন্দা আ. হালিম কাজী টেলিফোনে জানান, পানিবন্দী লোকজন রান্না করতে না পারায় তারা না খেয়ে আছে। গত শুক্রবার সন্ধ্যায় ইউএনও মো. জাকির হোসেন টেলিফোনে জানান, মাঝেরচর ও খেতাচিড়া এলাকার লোকজনদের মধ্যে শুকনা খাবার দেওয়া হচ্ছে।জিয়ানগর উপজেলার ইন্দুরকানি গ্রামের বাসিন্দা শিক্ষক আহসানুল সগীর জানান, সদর ইউনিয়নের কালাইয়া, সেউতিবাড়িয়া ও গাবগাছিয়ার প্রায় আট হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জিয়ানগরের ইউএনও কাজী তোফায়েল হোসেন জানান, উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারণ এলাকায় পাউবোর বেড়িবাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকেছে। জেলা মৎস্য কর্মকর্তা আ. রাশেদ জানান, সাত উপজেলায় ১৫ হাজার ৩১০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে নয় কোটি ৭১ লাখ টাকার। এ ছাড়া দুই হাজার ৬৯৩টি ঘেরের চিংড়ি ভেসে গেছে। ক্ষতি হয়েছে পৌনে চার কোটি টাকা। পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, বর্ষণ ও পানিবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি প্রশাসনের রয়েছে।