জিয়ানগরে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে গবাদিপশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকায় অজ্ঞাত রোগে গবাদিপশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত লোকজন বলছে, ওই উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা না থাকায় তাঁরা গবাদিপশুর ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। উপজেলার খোলপটুয়া গ্রামের বাসিন্দা ভূতত্ত্ববিদ মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে তাঁর একটি মহিষ অসুস্থ হয়ে পড়ে। বিকেলের দিকে মহিষটি পা টেনে হাঁটতে শুরু করে। এরপর রাতে পেছনের বাঁ পা মাটিতে আছরাতে থাকে। শনিবার সকাল থেকে মহিষটি খাওয়া বন্ধ করে দেয়, এ দিন বিকেলে পেট ফুলে ওঠে, রাতে মারা যায়। মঙ্গলবার সকালে অপর এতটি মহিষ নিশ্চুপ অবস্থায় থাকে, বিকেলে পেট ফুলে ওঠে, রাতে মারা যায়। তিনি জানান, দ্বিতীয় মহিষটি অসুস্থ হওয়ার পর মোরেলগঞ্জে এক গ্রাম্য প্রাণিচিকিৎসকের সঙ্গে আলাপ করে ব্লোট মিল নামের ওষুধ খাইয়ে কোনো কাজ হয়নি। একই গ্রামের আলী মোক্তার জানান, তাঁর একটি মহিষ মারা গেছে, আরও দুটি অসুস্থ। শনিবার টেংরাখালী গ্রামের মালেক হাওলাদারের একটি ও কলারণ গ্রামের ইদ্রিস জমাদ্দারের একটি গরু মারা গেছে। জিয়ানগর প্রাণিসম্পদ কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পদস্থ করা হয়নি। মাঠ সহকারী আ. খালেক জানান, গবাদিপশু আক্রান্ত ও মারা যাওয়ার খবর কেউ তাদের জানায়নি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খান মো. আবদুল হাই জানান, বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে।