জিয়ানগরে আ.লীগ ও বিএনপির সংঘর্ষে আহত আট
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গত বৃহস্পতিবার রাতে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের আটজন আহত হয়েছে। বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পরে আমি কয়েকজনকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার ও যুবদল নেতা আইউব আলী আমার কাছে এসে চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করলে জাহাঙ্গীর হাওলাদার ও আইউব আলী আমাকে মারধর করে। এ সময় আমার লোকজন আমাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।’ মোয়াজ্জেম আরও অভিযোগ করেন, বিএনপির কর্মীদের হামলায় বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য রবিউল ইসলাম, নজির সেপাই ও আল মামুন আহত হয়েছে। এ ঘটনায় তিনি জিয়ানগর থানায় মামলা করেছেন।বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর বিএনপির কর্মী আইউব আলী বালিপাড়া বাজারে গিয়ে আওয়ামী লীগের কর্মী রবিউলের কাছে পাওনা তিন শ টাকা চাইতে যায়। এ নিয়ে যুবলীগের মোয়াজ্জেমসহ কয়েকজন রবিউলের পক্ষ নিয়ে উল্টো আমাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির সদস্য হাবিবুর রহমানসহ কয়েকজন আহত হয়েছে।’জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, হামলার ঘটনায় জড়িত থাকায় বিএনপির নেতা জাহাঙ্গীর হাওলাদার ও আইউব আলীকে আটক করা হয়েছে।