জিয়ানগরে এনজিও কর্মী খুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গত শনিবার রাতে বিধান চন্দ্র রায় (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি বেসরকারি সংস্থা প্রশিকার পিরোজপুর কার্যালয়ে মাঠকর্মী হিসেবে কাজ করতেন।
বিধান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত নদীয়া বিহারী রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিধান দুই বছর আগে জিয়ানগরের পাড়েরহাট ইউনিয়নের প্রশিকা কার্যালয়ে মাঠকর্মী হিসেবে যোগ দেন। ওই সময়ে তিনি স্থানীয় উমেদপুর গ্রামের কৃষক নিরঞ্জন তালুকদারের বাড়িতে গৃহশিক্ষক ছিলেন। ছয় মাস আগে বিধান পিরোজপুর সদরে বদলি হন। এরপর তিনি শুক্র ও শনিবার পিরোজপুর থেকে উমেদপুর গ্রামে নিরঞ্জনের বাড়িতে গিয়ে তাঁর মেয়েকে পড়াতেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় মানিক তালুকদারের নেতৃত্বে চার-পাঁচজন যুবক নিরঞ্জনের বাড়িতে গিয়ে বিধানকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় বিধানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিরঞ্জনের স্ত্রী দুলালী রানী বলেন, ‘বাড়িতে গৃহশিক্ষক থাকার সময়ে বিধানের সঙ্গে আমাদের পরিবারের ভালো সম্পর্ক হয়। এ কারণে তিনি পিরোজপুরে বদলি হয়ে যাওয়ার পরও সাপ্তাহিক বন্ধের সময় আমার মেয়েকে পড়াতে আসতেন। আমাদের বাড়িতে আসা-যাওয়া নিয়ে সম্প্রতি স্থানীয় মানিক তালুকদার বিধানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এই চাঁদা না দেওয়ার জের ধরে শনিবার রাতে মানিক তাঁর সহযোগীদের নিয়ে আমাদের বাড়িতে এসে বিধানকে মারধর করেন।’
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মৃত্যুর আগে বিধান পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে মানিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করে গেছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন, খোকন ও শুভ নামের তিনজনকে আটক করা হয়েছে।