জিয়ানগরে 'সাঈদীর মুক্তির' ভোট!
প্রশাসনিকভাবে নাম সাউথখালী গ্রাম। তরুপল্লবময় ছায়াঘেরা এ গ্রামটির নাম কিন্তু লোকমুখে বদলে এখন সাঈদখালী। কারণ, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশ পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বসতবাড়ি পিরোজপুরে জিয়ানগর উপজেলার এ গ্রামেই।
তবে সাঈদীর বাড়ি যাওয়ার পথে ছোট ছোট রাস্তার পাশে টিনের বেশ কটি ঘরের দেয়ালে এখনো দা-শাবল আর কুড়ালের আঘাতের চিহ্ন পাওয়া যাবে। রয়েছে পুড়ে যাওয়া খড়ের গাদার ধ্বংসাবশেষ। সাঈদীর ফাঁসির দণ্ডাদেশের পরই গত বছরের বিভিন্ন সময় এসব ঘরবাড়ি পুড়েছিল। গাছও কাটা পড়ে তখন বেশ কিছু।
কিন্তু জিয়ানগর উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদীপুত্র মাসুদ সাঈদী মনে করেন, তাঁর দলের কেউ এর সঙ্গে জড়িত ছিলেন না। কারণ, তিনি ও তাঁর বাবার (দেলাওয়ার হোসাইন সাঈদী) জিয়ানগর উপজেলা উন্নয়নে রয়েছে অনেক স্বপ্ন।
মাসুদের মূল প্রতিদ্বন্দ্বী আবদুল খালেক গাজী ভোটযুদ্ধে নেমেছেন আনারস প্রতীক নিয়ে। তাঁর অভিযোগ, সাঈদীর ছেলে হারলে তো জিয়ানগরে সহিংসতা হবে। জয় পেলে আরও বেশি তাণ্ডব চালাবে সাঈদীর লোকজন।
ভোটের আগের দিন শেষ বিকেলে জিয়ানগরের চাড়াখালী ছয়ঘর চৌরাস্তার মোড়ে কথা হয় খালেক গাজীর সঙ্গে। তিনি বলেন, মাসুদকে ভোট দিলে সাঈদী মুক্তি পাবেন—এমন কথা বলে ভোট চাওয়া হচ্ছে। জিয়ানগরের বিভিন্ন মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের এসব কথা বলা হচ্ছে। শিক্ষকেরাও মাসুদের হয়ে প্রচার চালাচ্ছেন। বাবার মুক্তির দোহাই দিয়ে দোয়াত-কলমে ভোট দেওয়ার জন্য মাসুদ এসব কথা বলেছেন।
খালেক গাজীর আরও অভিযোগ—ঢাকা, খুলনা ও বাগেরহাটের মোরেলগঞ্জ এলাকা থেকে অস্ত্র, লাঠি নিয়ে জিয়ানগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন জামায়াত-শিবিরের লোকজন।
নিজ বাড়ির উঠানে বসে এসব অভিযোগ নাকচ করলেন সাঈদীর ছেলে মাসুদ। জনসভা-পথসভা কোথাও এ ধরনের প্রচার করা হয়নি জানিয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার বাবার আপিল বিচারাধীন। সত্য-মিথ্যা জনগণ বিচার করবে। ৪৩ বছর ধরে কোনো অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠেনি। আমাকে যদি ভোট দেওয়া হয় সেটি জনগণের সুচিন্তিত মতামতের প্রতিফলন হতে পারে।’
মাসুদ সাঈদী আরও জানান, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য জিয়ানগর আজ উপজেলার মর্যাদা পেয়েছে। তাঁকে হারিয়ে তাঁর বাবাকে অজনপ্রিয় করার চেষ্টা সরকার করতে পারে।’
প্রশাসনের ওপর ক্ষুব্ধ হয়ে জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা বলেন, ‘আজও (গতকাল শনিবার) জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামের বাটাজোর দীঘিরপাড় জামেয়া-ই-আলিম মাদ্রাসায় ক্যাডাররা অবস্থান করছিল। আমরা এএসপি (অতিরিক্ত পুলিশ সুপার) আবু আশ্রাফকে বিষয়টি জানিয়েছি। এর আগে বিভিন্ন সময় পুলিশসহ প্রশাসনকে জামায়াতের ক্যাডারদের অবস্থান জানানো হয়েছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কীভাবে যেন খবর পেয়ে ক্যাডাররা পালিয়ে যায়।’
এ ব্যাপারে এএসপি আবু আশ্রাফ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আমরা এর সত্যতা পাইনি।’
জেলা রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মানিকহার রহমান বলেন, ‘জিয়ানগরে ৪৮ হাজার ৮৯৭ জন ভোটার রয়েছেন। আশা করছি, এই উপজেলা নির্বাচনে সবাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এ জন্য প্রস্তুতি সব সম্পন্ন হয়েছে।’
এদিকে প্রশাসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য যা-ই হোক না কেন, ভোটররা ঝঞ্ঝামুক্ত পরিবেশের দিকে তাকিয়ে আছেন।
বসন্তের বাতাসে পুরো জিয়ানগরে ভোটের আলোচনা ভেসে বেড়ালেও পছন্দের প্রার্থী সম্পর্কে ভোটররা মুখ খুলছেন না। জিয়ানগর বাজারের এক হোটেল মালিক মো. আলমগীর আকন্দ বলেন, ‘সৎ-যোগ্য প্রার্থীকে ভোট দেব।’
যোগ্যতার মাপকাঠি কী—এমন প্রশ্নের উত্তর শুধু একচিলতে হাসি দিয়েই শেষ করেন আলমগীর।
মাসুদ-খালেক ভোটের ময়দানে শেষ দিন পর্যন্ত হাজির হলেও, বাকি তিন প্রার্থীর তেমন কোনো তৎপরতা ছিল না। জাতীয় পার্টি (জেপি) মশিউর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে আছেন। তবে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এখন কারাগারে। মনিরুজ্জামান টেলিফোন প্রতীক নিয়ে আছেন কেবল ব্যালট পেপারে। আর জামায়াতের নেতা হারুন অর রশিদের প্রতীক কাপ-পিরিচ। তবে তিনি কাজ করছেন মাসুদ সাঈদীর পক্ষে।