জিয়ার উত্থানের জন্য আ.লীগ দায়ী: সমাজকল্যাণমন্ত্রী
জিয়াউর রহমানের উত্থানের জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলী। আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
মোহসীন আলী বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন ছাত্রলীগকে খেতাব দেওয়া উচিত ছিল। কারণ তারাই জাতিকে সংগঠিত করেছিল, গোটা জাতিকে যুদ্ধে নিয়ে গিয়েছিল। যুদ্ধ করলাম আমরা, আর “বীর উত্তম”, “বীর প্রতীক” খেতাব নিয়ে গেল সেনাবাহিনী। এজন্যই জিয়াউর রহমানের উত্থান হয়েছে।’
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, ‘জিয়াউর রহমানের উত্থানের জন্য আওয়ামী লীগের তখনকার নেতারা দায়ী। বঙ্গবন্ধুর মুখ দিয়ে লালঘোড়া দাবড়ানোর কথা ছড়ানো হয়েছিল। তাঁরা এখানেও আছেন। বুকে ব্যথা নিয়ে সংসদে এসেছি।’
মোহসীন আলীর বক্তব্যের সময়সীমা দুই দফা বাড়ানো হয়। শেষ দফার সময় শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, ‘আপনি চালিয়ে যান।’
১৫৩ আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিয়ে সমালোচনার জবাবে বিএনপিকে উদ্দেশ করে মোহসীন আলী বলেন, ‘এই আসনগুলোতে আবার নির্বাচন হলে আপনারা আসেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা হারবেন, আমরাই জিতব।’
মন্ত্রী আরও বলেন, দেশে ও বিদেশে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি-জামায়াত এজন্য লবিস্ট নিয়োগ করেছে।