জিয়ার কবরে যাওয়া গাড়িবহরে ছাত্রলীগের তল্লাশির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দিতে যাওয়ার পথে রাউজানে বিএনপির নেতা-কর্মীদের গাড়িবহরে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বাধা দিয়ে তাঁদের গাড়ি তল্লাশি করেছেন বলে বিএনপির নেতারা অভিযোগ করেছেন। গাড়িবহরের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।বিএনপির নেতারা অভিযোগ করেন, রাউজান উপজেলার নোয়াপাড়া ও গচ্ছিরহাটে ছাত্রলীগের কর্মীরা আলাদাভাবে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তাঁরা বহরের মাইক্রোবাসগুলো তল্লাশি করেন। নোয়াপাড়ায় গাড়ি তল্লাশির একপর্যায়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর গাড়িটি তাঁদের সামনে এসে দাঁড়ায়। আমীর খসরু প্রথম আলোকে বলেন, ‘হাতে লাঠি নিয়ে দাঁড়ানো ছাত্রলীগ নেতাদের আমি ধমক দিয়ে বলি, তোমরা কাকে চাও? তোমাদের সমস্যা কী? এ কথা শুনে তারা থতমত খেয়ে আমার গাড়ির সামনে থেকে সরে গেলেও পেছনের গাড়িগুলোতে আবারও তল্লাশি চালায়।’ তিনি বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্য ছিল আমাদের জিয়ার কবরে যেতে না দেওয়া। কিন্তু আমাদের নেতা-কর্মীদের সংখ্যা ছিল তাদের চেয়ে অনেক বেশি। ফলে তারা আর সে সাহস করেনি।’ আমীর খসরু বলেন, ‘এ ধরনের ঘটনার নিন্দা জানানোর মানসিকতা আমার নেই। সভ্য সমাজে নিন্দা জানানো যায়। কিন্তু বর্তমানে যা কিছু হচ্ছে তাকে সভ্য সমাজ বলা যায় না।’ তবে রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলের কেউ এ ধরনের কাজ করেছে, তা আমার জানা নেই।’ রাঙ্গুনিয়া প্রতিনিধি ইব্রাহিম খলিল জানিয়েছেন, দুপুরে চট্টগ্রাম নগর বিএনপির প্রায় তিন শতাধিক নেতা-কর্মী পোমরা ইউনিয়নে অবস্থিত জিয়ার প্রথম মাজারে ফুল দেন। তাঁরা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তির জন্য মোনাজাত করেন। স্থানীয় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দুপুরের আগেই জিয়ার প্রথম কবরে ফুল দেন। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুচ তালুকদার জানান, পুষ্পমাল্য অর্পণ শেষে কবরের পাশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর কবরসংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির নেতারা সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবন্দী বিএনপির সব কেন্দ্রীয় নেতার মুক্তির দাবি জানান। বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছিরউদ্দিন পৃথকভাবে নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে স্বাধীনতার স্মৃতিফলকে ফুল দেন। এ ছাড়া চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে মাইকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ভাষণ বাজানো হয়। বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আলোচনা সভার কর্মসূচি থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নগরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ আল নোমান। আরও বক্তব্য দেন মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইফতেখার মহসিন চৌধুরী প্রমুখ।