জিয়ার ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাত আটটার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো অফিসের সামনে ছোট্ট একটা জটলা। সবাই অপেক্ষায়—জিয়া ফিরছেন! জিয়া ফিরছেন!
ফিরছেন সিঙ্গাপুর থেকে। কিন্তু আসলে তো ফিরছেন মৃত্যুকে জয় করে। একসময় অপেক্ষার অবসান হলো। মৃত্যুঞ্জয়ী জিয়াকে বহন করা মাইক্রোবাসটি এসে থামল প্রথম আলোর সামনে। মাইক্রোবাসের দরজাটা খুলে যেতেই বয়ে গেল আবেগের একটা ঢেউ। অনেক দিন পর প্রিয় সহকর্মীদের দেখে জিয়ার চোখে আলো খেলে গেল। পরক্ষণেই সেখানে অশ্রুধারা। সবার সঙ্গে হাত মেলাচ্ছেন আর অস্ফুটে বলছেন, ‘আমি ফিরে এসেছি। আমি ফিরে এসেছি।’
আসলেই এ এক অলৌকিক ফেরা! গত ৯ জানুয়ারি রাতে পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে এক সড়ক দুর্ঘটনা জিয়াকে পাঠিয়ে দিয়েছিল জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আলো-আঁধারির অচেনা এক জগতে মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়েছেন বেশ কয়েক দিন। সেই লড়াইয়ে জিতে কাল দেশে ফিরলেন প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলাম।
দীর্ঘ সেই লড়াই। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ। সেখান থেকে অ্যাপোলো হাসপাতাল। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের তিন দিন পর এয়ার অ্যাম্বুলেন্স অচেতন জিয়াকে উড়িয়ে নিয়ে যায় সিঙ্গাপুরে। সেখানে গ্লেনইগলস হাসপাতালে প্রায় আড়াই মাস চিকিত্সার পর বিজয়ী জিয়ার এই দেশে ফেরা।
অনেক শুকিয়ে গেছেন। হাঁটতে কষ্ট হয় বলে চলাফেরা করতে আশ্রয় নিতে হয় হুইলচেয়ারের। হুইলচেয়ারে বসেই জিয়া লিফটে উঠে এলেন দোতলায়। প্রথম আলো কার্যালয়ে। চার ঘণ্টার ভ্রমণক্লান্তিতে অবসন্ন শরীর। কিন্তু বিমানবন্দরে নেমেই গোঁ ধরেছেন, প্রিয় প্রথম আলোতে একটু উঁকি না দিয়ে বাড়িতে যাবেন না।

হুইলচেয়ারটা ঢুকতেই করতালি দিয়ে জিয়াকে স্বাগত জানালেন সবাই। আবেগের ঢেউ আবার ভাসিয়ে নিয়ে গেল তাঁকে। সারি সারি প্রিয় মুখ। যাঁকে সামনে পাচ্ছেন, তাঁর সঙ্গেই হাত মেলাচ্ছেন আর কখনো বলছেন, ‘আমি আমার দেশে ফিরে এসেছি।’ কখনো-বা ‘আমি আমার অফিসে ফিরে এসেছি।’

সুস্থ জিয়ার মুখে সব সময় হাসি লেগে থাকত। কালও কয়েকবার হাসার চেষ্টা করলেন। কিন্তু মুখে হাসি ফুটে উঠতে না উঠতেই সেটি মুছে দিচ্ছিল চোখে নেমে আসা অশ্রুধারা। সেটি যে আনন্দাশ্রু, কে না তা বুঝবে! তারপরও বিদায় নেওয়ার সময় জিয়ার মনে হলো, কেউ না আবার ভুল বোঝে! নিজেই তাই বললেন, ‘আমি কিন্তু কষ্টে কাঁদছি না। আনন্দে কাঁদছি।’

সেই কান্না শুরু হয়েছে বিমান ঢাকার মাটি ছোঁয়ার পরই। ১৩ বছরের ছোট ভাই জিয়ার সঙ্গে সিঙ্গাপুরে প্রায় দেড় মাস কাটানো রায়হানুল ইসলাম জানালেন, বিমান নামতে শুরু করার পর থেকেই জানালায় উঁকি দিয়ে প্রিয় মাতৃভূমিকে দেখতে জিয়ার সে কী আকুলিবিকুলি! নামার পরই মাটি ছুঁয়ে সালাম করেছেন। বলতে বলতে রায়হানুল ইসলামের গলা ধরে আসে।

সিঙ্গাপুরের হাসপাতালে জিয়ার কঠিন লড়াইয়ের সহযাত্রী তাঁর স্ত্রী সুমাইয়া খানের কণ্ঠও প্রায় রুদ্ধ হয়ে আসছিল আবেগে। যখন তিনি বলছিলেন, দেশে ফেরার জন্য জিয়া কেমন অস্থির হয়ে পড়েছিলেন। ‘আমি শুধু একটা কথাই বলব, সবার দোয়া আর ভালোবাসাতেই জিয়া ফিরে আসতে পেরেছে’—বলতে বলতে চোখ মোছেন সুমাইয়া।

সুমাইয়াই জানালেন, জিয়াকে এখন আর তেমন ওষুধপত্র খেতে হচ্ছে না। তবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পুনর্বাসন-প্রক্রিয়া চলবে আরও বেশ কিছুদিন। সেটি নিজের বাড়িতেই সম্ভব। স্বজনদের সঙ্গ পেলে তাতে আরও দ্রুত ফল হবে বলেই জিয়াকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিঙ্গাপুরের চিকিত্সকেরা। ১৫ দিন পর স্থানীয় একজন চিকিত্সককে দেখাতে বলা হয়েছে। তিন মাস পর আবার যেতে হবে সিঙ্গাপুরে।

সেই যাওয়ায় গত ১৩ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে উড়ে যাওয়ার মতো বিষণ্নতা মিশে থাকবে না। থাকবে না উদ্বেগের বাতাবরণ। জিয়া যাবেন এবং ফিরবেন মুখে সেই চেনা হাসি নিয়ে। জিয়াকে যে সবাই ওভাবেই দেখে এসেছে সব সময়!