জিয়ার মরণোত্তর বিচার দাবি করেছে জাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের ঘটনায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।গতকাল বুধবার বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এই দাবি জানান। ১৯৭৬ সালে বিশেষ ট্রাইব্যুনালে তাহেরের গোপন বিচার অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দেওয়ার এক দিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাসদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।ইনু বলেন, ‘রায়ে আদালত জীবিত থাকায় ওই বিচারের বিচারক আবদুল আলীর বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে বলেছেন। একই সঙ্গে আদালত বলেছেন, তাহেরের বিচার ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন। আর এই পরিকল্পনার নায়ক ছিলেন জিয়া। তাই আমরা শুধু জীবিত ব্যক্তির বিরুদ্ধেই নয়, জিয়ার বিরুদ্ধেও মরণোত্তর বিচার দাবি করছি। এ বিষয়ে আইন না থাকলে সংসদে আইনের প্রস্তাব উত্থাপন করব।’সংবাদ সম্মেলনে তাহেরের স্ত্রী লুৎফা তাহের, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়াসহ জাসদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।