জিয়ার মরদেহ শনাক্তে ডিএনএ টেস্টের দাবি শেখ সেলিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সংসদে আলোচনা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, জিয়ার কবরে তাঁর লাশ আছে কি না তা ডিএনএ টেস্ট করে বের করতে হবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ এনে তা শনাক্ত করতে হবে। যদি সে লাশের অস্তিত্ব না পাওয়া যায়, তাহলে জিয়া উদ্যানের সব স্থাপনা সরিয়ে নিতে হবে।জিয়া উদ্যানের কবরে জিয়াউর রহমানের লাশ নেই দাবি করে শেখ সেলিম বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর লাশ কাউকে দেখানো হয়নি। এমনকি তাঁর লাশের ছবি কোথাও রাখা হয়নি। তিনি বলেন, ‘শুনেছি হত্যার পর জিয়াউর রহমানের লাশ বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হয়েছিল। আর ঢাকায় একটি বাক্স এনে কবর দেওয়া হয়েছে। কিন্তু এর পরও সংসদ ভবনের নকশা নষ্ট করে কোটি কোটি টাকা খরচ করে বিশাল জায়গা নিয়ে তাঁর সমাধিস্থল তৈরি করা হয়েছে।’ বিরোধী দলের তীব্র সমালোচনা করে তিনি বলেন, দেশটা কোনো মুদি দোকান নয় যে সেরদরে বিক্রি করা যাবে। অথচ বিরোধী দল সস্তা জনপ্রিয়তার আশায় দেশ বিক্রির ধুয়া তুলছে। প্রধানমন্ত্রীর ভারত সফরকে সফল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়ার হুমকি দিয়ে খালেদা জিয়া কী বলতে চান। তা আজ স্পষ্ট হতে হবে।’ আলোচনায় অংশ নেন সরকারি দলের রেজা আলী, সুকুমার রঞ্জন ঘোষ, কে এইচ রশীদুজ্জামান, মমতাজ বেগম, নাজমা আকতার, গোলাম মাওলা রনি, নূর আফরোজ আলী প্রমুখ।আওয়ামী লীগ সাংসদেরা বিরোধী দল বিএনপির তীব্র সমালোচনা এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সরকারের সফলতার কথা দাবি করে তাঁরা বলেন, বৈশ্বিক মন্দা এ সরকার সফলভাবে মোকাবিলা করেছে। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক বুধবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।