জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
চট্টগ্রামে বিএনপির বিভিন্ন পক্ষের নেতারা গতকাল বৃহস্পতিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ঐক্যবদ্ধভাবে পালন করেছেন। তাঁরা গতকাল সকালে গাড়িবহর নিয়ে গেছেন জিয়ার প্রথম কবর রাঙ্গুনিয়ায়। এই বহরে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চেয়ারপারসনের দুই উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে ফাতেহা পাঠের আগে দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজন করা হয় আলোচনা সভার। আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার, আসলাম চৌধুরী ও মাহবুবুর রহমান বক্তব্য দেন। বক্তারা বলেন, একাত্তরে আওয়ামী লীগের নেতৃত্বশূন্যতার কারণে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। কেবল ঘোষণা নয়, তিনি নিজে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। আবার দেশের ক্রান্তিলগ্নে শাসনভার গ্রহণ করেন এবং আধুনিক রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করেন।