জিয়ার মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম বিএনপির আলাদা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি আলাদা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে। এক পক্ষে রয়েছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর অনুসারীরা। অন্য পক্ষে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা।দলীয় সূত্র জানায়, রাঙ্গুনিয়ায় জিয়ার সমাধিতে ফুল দিতে আজ সোমবার সকাল ১০টায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও আমীর খসরুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে যাত্রা শুরু করবেন। রাঙ্গুনিয়ায় কিছুক্ষণ অবস্থান করে তাঁরা আবার শহরে ফিরে আসবেন। দুপুরে ষোলশহর এলাকার উডল্যান্ড পার্ক কমিউনিটি সেন্টারে তাঁরা দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও মেজবানে অংশ নেবেন।আমীর খসরুর নেতৃত্বাধীন নগর বিএনপি আজ পাহাড়তলীর সরাইপাড়ায় গরিব লোকজনের মধ্যে বিনা মূল্যে চিকিৎসা, রক্তদান কর্মসূচি, মসজিদগুলোতে মিলাদ মাহফিল, বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সন্ধ্যায় নাসিমন ভবনে খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে।নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আবদুল্লাহ আল নোমান ও মীর নাছিরকে একসঙ্গে রাঙ্গুনিয়ায় যাওয়ার অনুরোধ করেছি। তাঁরা একসঙ্গে গেলে কর্মী-সমর্থকদের মধ্যে চাঙা ভাব থাকে। তাঁরা আমার অনুরোধে সাড়া দেবেন বলে আশা করছি।’নোমানের অনুসারীরা জানান, আজ সকাল নয়টায় দলীয় নেতা-কর্মীরা নাসিমন ভবন থেকে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে রাঙ্গুনিয়ার উদ্দেশে যাত্রা করবেন। দুপুরে তাঁরা নগরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। কাল মঙ্গলবার বিকেলে আলোচনা সভা এবং সন্ধ্যায় ভিআইপি ব্যাংকুইটে মেজবানের আয়োজন করা হয়েছে। নোমান মঙ্গলবারের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।নোমানের অনুসারী হিসেবে পরিচিত কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা সকাল নয়টায় শতাধিক গাড়ির বহর নিয়ে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফাতেহা পাঠ ও ফুল দিতে যাব। নোমান ও মীর নাছিরের নেতৃত্বে আমাদের যাত্রা করার কথা রয়েছে। তবে দলীয় চেয়ারপারসন বেগম জিয়া যুক্তরাষ্ট্র থেকে ঢাকা পৌঁছাতে দেরি হলে আবদুল্লাহ আল নোমান রাঙ্গুনিয়ার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না।’আলাদা কর্মসূচি পালনের কারণ জানতে চাইলে নাজিম উদ্দিন বলেন, ‘নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি। আর আমাদের নেতা-কর্মীরাও উপেক্ষিত। তাই আমরা আলাদা কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছি।’