জিয়ার মৃত্যুবার্ষিকীতেও আলাদা কর্মসূচি কলাপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সর্বশেষ গতকাল সোমবার দুই অংশ দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আলাদাভাবে পালন করেছে। এর মধ্য দিয়ে দলের বিভক্তি প্রকাশ্য রূপ নিল।
বিএনপির স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির একটি ভাগকে বলা হয় ‘ক’ শাখা। অন্য অংশকে বলা হয় ‘খ’ শাখা। ‘ক’ শাখা অংশের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বেচ্ছাসেবক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন। ‘খ’ শাখার নেতৃত্বে রয়েছেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
দলটির উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ মাস ধরে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। জেলা বিএনপি গত ১৭ জানুয়ারি কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌরসভা ও কুয়াকাটা পৌরসভা কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করেছে, এমন খবর প্রকাশ হওয়ায় বিভক্তির সূত্রপাত ঘটে। এর এক দিন পরই কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে বলা হয়, উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং কুয়াকাটা পৌর বিএনপির আহ্বায়ক আবদুল আজিজ মুসল্লির নেতৃত্বে সব দলীয় কার্যক্রম পরিচালিত হবে। কিন্তু মোস্তাফিজুর রহমান অংশের নেতা-কর্মীরা এ সিদ্ধান্ত মেনে নেননি। এরপর থেকে দলের এ অংশ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যাওয়া বন্ধ করে। তিন মাস ধরে তাঁরা বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক মুনশির বৈঠকখানায় কার্যালয় খুলে দলীয় কর্মকাণ্ড চালাতে থাকেন। এরই জের ধরে গতকাল ওই দুটি কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আলাদা পালন করা হয়। এতে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি বাড়ছে।