জিয়ার ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে বিএনপির স্মারকলিপি
নারায়ণগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালে কালি লেপনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি চেয়ে গতকাল বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। গত মঙ্গলবার রাতে চাষাড়ায় অবস্থিত ‘শহীদ জিয়া হল’ মিলনায়তন ভবনের ওই ম্যুরালে দুষ্কৃৃতকারীরা কালি লেপন করে।বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে নেতা-কর্মীরা দুপুরে জেলা প্রশাসক ও শহীদ জিয়া হল পরিচালনা পরিষদের সভাপতি মো. সামছুর রহমানের কাছে স্মারকলিপি দেন।এ সময় জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, জাকির হোসেন, জাহিদ হাসান রোজেল, খোরশেদ আলম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।স্মারকলিপি গ্রহণ করার সময় জেলা প্রশাসক বলেন, কালি লেপনের ঘটনা দুঃখজনক। তিনি জানান, মঙ্গলবার রাতেই তাঁরা কালি মুছে ফেলেছেন।শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল জানান, স্মারকলিপিতে কালি লেপনকারী দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তাঁরা শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।