জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, কিছুদিনের মধ্যে তাঁকে ওয়ার্ডে দেওয়া হতে পারে।
সিঙ্গাপুরে অবস্থানরত জিয়ার বড় ভাই রায়হানুল ইসলাম প্রথম আলোকে জানান, সিঙ্গাপুরের হাসপাতালে জিয়ার শরীরে তিনটি অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি কিছু কিছু কথা বলতে পারছেন। তবে এখনো নলের মাধ্যমে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে।
গত ৯ জানুয়ারি রাত সাড়ে ১১টায় বসুন্ধরা শপিং মলের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর গাড়িচালক সেখানে না দাঁড়িয়ে গাড়ির সামনে-পেছনের লাইট বন্ধ করে দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যান। দুজন সাংবাদিক আহত জিয়া ইসলামকে একটি অটোরিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন মঙ্গলবার জিয়াকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ১৩ জানুয়ারি তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের গ্লিনিগালস হাসপাতালে নেওয়া হয়।
জিয়াকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় অভিনেতা কল্যাণ কোড়াইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে বের হয়ে যান। তাঁর গাড়িটি পুলিশের হেফাজতে আছে।