কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের বিষয়টি আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিষয়টি সম্পন্ন করা হবে।
গতকাল শনিবার কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষি পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। পৃথক দুটি অনুষ্ঠানে কৃষকের মধ্যে ধানের চারা বিতরণের মাধ্যমে মন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমে সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে ও পরে দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান দুটির আয়োজন করা হয়।
জামায়াত নিষিদ্ধের ব্যাপারে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। আইনকানুন পর্যালোচনা ও বিচার-বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’ এ সময় তিনি বলেন, ‘যারা দেশকে ধ্বংস করতে চায়, তাদের সঙ্গে কোনো সমঝোতা কিংবা ঐক্য নয়।’
কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, এবারের বন্যায় জেলায় কমবেশি দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্য থেকে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৬ হাজার ৬৫০ জন কৃষককে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষককে ৭ লাখ ৮০ হাজার টাকার শাকসবজির বীজ এবং ৩১৮ জন কৃষককে ২ লাখ ১২ হাজার টাকার রোপা আমনের চারা বিতরণ করা হবে।