সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ তিন নেতার ছবি টাঙানো নিয়ে সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা গতকাল সোমবারও পাল্টাপাল্টি সভা করেন, দিয়েছেন পরস্পরবিরোধী ঘোষণা। গত ১৭ নভেম্বর সমিতির এক সভায় জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও জেনারেল এম এ জি ওসমানীর ছবি টাঙানোর সিদ্ধান্ত হয়। পরে ৪ ডিসেম্বর তিন নেতার ছবি সভাপতির কক্ষে টাঙানো হয়। কিন্তু ঘণ্টা খানেকের ব্যবধানে তা নামিয়ে ফেলা হয়। সভাপতির কক্ষ ভাঙচুর ও ছবি নামানোর প্রতিবাদে গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সভা করে সমিতি। সভায় ১৭ নভেম্বরের সিদ্ধান্ত অনুসারে পুনরায় ছবি টাঙানোর সিদ্ধান্ত হয়। সভায় সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমি যত দিন সভাপতি পদে আছি, সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ছবি টাঙানো হবে। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও ছবি টাঙানো হবে। সাহস থাকলে আসুক। যতবার নামাবে, ততবার ছবি টাঙানো হবে।’ খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, সাংসদ মাহবুবউদ্দিন খোকন, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা, কোষাধ্যক্ষ ফাহিমা নাসরিন ও রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। সভায় জাতীয় নেতাদের ছবি ভাঙচুর করার মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এদিকে বিকেলে দক্ষিণ হলে প্রতিবাদ সভা করেন সরকার সমর্থক আইনজীবীরা। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্য কারও ছবি টানাতে দেওয়া হবে না। কেউ অন্যের ছবি টাঙানোর চেষ্টা করলে যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে এ সভায় সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম সুজন, লায়েকুজ্জামান মোল্লা, শ ম রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।