জি-৭ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি শেষ, নেতাদের অপেক্ষায় জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ থেকে জাপানে শুরু হচ্ছে জি-৭ শীর্ষ সম্মেলন। সাতটি অগ্রসর অর্থনীতির দেশের কর্মকর্তা পর্যায়ের আগাম দল ইতিমধ্যে মধ্য জাপানের ইসে অবকাশকেন্দ্রে পৌঁছালেও নেতারা আসবেন স্থানীয় সময় আজ সন্ধ্যার পর। তবে শীর্ষ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।
সম্মেলনকে ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে উঠলেও সম্মেলনের সঙ্গে সম্পর্কিত অন্যান্য আয়োজনের জায়গাগুলোর পরিবেশ উৎসবমুখর। সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে আসা জাপান ও বিদেশের সাংবাদিকদের জন্য মূল সম্মেলনস্থল থেকে কিছুটা দূরে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মিডিয়া সেন্টার, যেখানে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন দেশের সাংবাদিকেরা। মিডিয়া সেন্টার চত্বরে একই সঙ্গে বসেছে জাপান ও মিয়ে জেলার পরিচিতি বিশ্বজুড়ে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত প্রদর্শনী। সেই সঙ্গে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও সেখানে চলছে।
এবারের জি-৭ শীর্ষ সম্মেলন বাংলাদেশের জন্য কিছুটা ভিন্ন আবেদন নিয়ে উপস্থিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত সরকারপ্রধান হিসেবে জি-৭-এর আউটরিচ (সম্প্রসারিত) বৈঠকে যোগ দিতে কাল জাপান আসছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি ভিন্ন প্রেক্ষাপট থেকেও কিছুটা গুরুত্ব পাচ্ছে। সম্মেলন উপলক্ষে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের মাঙ্ক স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্স বিশেষ যে সাময়িকীটি প্রকাশ করেছে, অন্যান্যের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি নিবন্ধও সেখানে রয়েছে, যেখানে তিনি দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে জলবায়ুর পরিবর্তন-সংক্রান্ত সমস্যা সমাধানে এবং জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তরে ধনী রাষ্ট্রসমূহের প্রতি আরও বেশি উদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালেয়র কর্মকর্তা উল্লেখ করেন, মোট সাতটি অধিবেশনে বিভক্ত শীর্ষ সম্মেলনের পাঁচটি নির্ধারিত রাখা আছে জি-৭ নেতাদের জন্য। দুটি অধিবেশনে আউটরিচ দেশের নেতারা জি-৭ নেতাদের সঙ্গে আলোচনায় মিলিত হবেন। নেতাদের মূল আলোচনায় বিশ্ব অর্থনীতি নিয়ে দেখা দেওয়া উদ্বেগের বাইরে সন্ত্রাসবাদের হুমকি, শরণার্থী সমস্যা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং রাশিয়া-ইউক্রেন সংকটও অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া জ্বালানি এবং জলবায়ুর পরিবর্তন নিয়েও তাঁরা আলোচনা করবেন। অন্যদিকে আউটরিচ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দুটি বৈঠকের একটি এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধির ওপর কেন্দ্রীভূত থাকবে, দ্বিতীয়টির বিষয় হবে আফ্রিকার উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ২৭ মে সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আউটরিচ রাষ্ট্রের অন্য ছয় নেতাকে জি-৭ সম্মেলনের নির্ধারিত শিমা কানকো হোটেলে স্বাগত জানাবেন এবং সাতটি উন্নয়নশীল দেশের নেতারা এরপর জোটের নেতাদের সঙ্গে একই হোটেলে দুদফা আলোচনায় বসবেন। এর ঠিক পরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে হিরোশিমার উদ্দেশে যাত্রা করবেন আবে। শেখ হাসিনাসহ আউটরিচ রাষ্ট্রের অন্যান্য নেতা ২৮ মে নাগোইয়া শহরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।