জীবদ্দশায় রেষারেষি মরণে পাশাপাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামের বড়বাড়ি ও কোনাবাড়ির মানুষের মধ্যে বিরোধ দীর্ঘ চার যুগের। দুই বাড়ির লোকজনের মধ্যে কতবার যে সংঘর্ষ হয়েছে তার ইয়ত্তা নেই। মামলা বা আহতের সংখ্যাও হিসাব করে বের করা মুশকিল। সামাজিক কোনো অনুষ্ঠানে দুই বাড়ির লোক একত্র হয়েছে এমন দৃশ্য বিরল। সর্বশেষ গত বৃহস্পতিবার দুই বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪২ জন আহত হন। তাঁদের মধ্যে মুমূর্ষু বড়বাড়ির আজিজুর রহমান ও কোনাবাড়ির শাহজাহান মিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পর থেকেই দৃশ্যপট পাল্টে যায়। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর দুই বাড়ির আহত মানুষ দুটির মধ্যে দূরত্ব কমে আসতে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সে পাশাপাশি বিছানায় তাঁদের চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দুজনের মৃত্যু হয়। মৃত্যুর পর পুলিশ একই গাড়িতে করে তাঁদের মরদেহ থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য একই গাড়িতে করে মরদেহ দুটি কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আবারও একই গাড়িতে করে মরদেহ আনা হয় ভৈরবে। গ্রামের বাড়িতেও নেওয়া হয় একই গাড়িতে করে। সেখানে তাঁদের জানাজাও হয় একসঙ্গে। পরে একই কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয় তাঁদের। গ্রামবাসীর উদ্যোগে দুই প্রতিপক্ষকে পাশাপাশি সমাহিত করার এ দৃশ্য দেখে বাঁশগাড়ি গ্রামের কবির মিয়া (৩৮) বলে উঠলেন, ‘জীবদ্দশায় দুই বাড়ির লোক কখনোই এক হতে পারল না। মরণই তাদের এক করে দিল।’ ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ‘আসলে বড়বাড়ি ও কোনাবাড়ির সংঘর্ষ কখনোই বড় ধরনের কোনো ঘটনা নিয়ে বাধেনি। তাদের মূল সমস্যা হলো মানসিক। আমার বিশ্বাস, এই সমস্যা দূর করে দিতে পারলে তাদের মধ্যে সংঘর্ষের মাত্রা কমে আসবে।’