জীবনকে আলোকিত আর বাঙালির চেতনাকে জাগিয়ে তুলতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপলব্ধি করতে হবে। বাঙালির শ্বাস-প্রশ্বাসে জীবনের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাবিত।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত রবীন্দ্রবন্দনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে কবি নির্মলেন্দু গুণের বাড়িতে প্রতিষ্ঠিত রামসুন্দর পাঠাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘নিজের জন্মভিটায় প্রতিষ্ঠিত বিদ্যালয় ও পাঠাগার প্রাঙ্গণে বিশ্বকবির জন্মদিনে রবীন্দ্রবন্দনা করে আমার জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হলো। আমার বিশ্বাস, এই বিদ্যালয় ও পাঠাগারের মাধ্যমে এ অঞ্চলের মানুষের মধ্যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হবে, যার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম নতুন আলোয় উদ্ভাসিত হবে।’সাংস্কৃতিক সংগঠক মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আশরাফ আলী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষক মোহাম্মদ সামাদ, বাংলা একাডেমীর সাবেক পরিচালক আবদুল হান্নান ঠাকুর প্রমুখ।