জীবন উৎসর্গের অঙ্গীকার খোকনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচারণার শুরুতে গতকাল মেয়র হানিফ উড়ালসড়কের যাত্রাবাড়ীর প্রবেশমুখে বক্তব্য দেন ঢাকা দক্ষিণে আ.লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন l ছবি: প্রথম আলো
প্রচারণার শুরুতে গতকাল মেয়র হানিফ উড়ালসড়কের যাত্রাবাড়ীর প্রবেশমুখে বক্তব্য দেন ঢাকা দক্ষিণে আ.লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন l ছবি: প্রথম আলো

নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গের অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। প্রচারে নেমেছেন ওই এলাকায় জাতীয় পার্টি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন। তবে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন আত্মগোপনে। তাঁর পক্ষের নেতা-কর্মীরা আজ প্রচারে নামতে পারেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম থেকে সিটি করপোরেশন নির্বাচনে গতকাল মঙ্গলবার থেকে প্রচার শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীরা প্রচার শুরু করেছেন। প্রতিদিনই এসব প্রার্থী বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ চালাবেন।
সাঈদ খোকন: নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গের অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘সুযোগ পেলে ঢাকাকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলব।’ গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী প্রবেশমুখে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে খোকন এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘জননেত্রী যে উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ফ্লাইওভার তার প্রতীক। আর বাবা সারা জীবন যে পরিশ্রম করেছেন, তার ফসল হচ্ছে এই ফ্লাইওভার। এ জন্য আমি এখান থেকে আমার নির্বাচনের প্রচার শুরু করলাম। আমার পিতা যেভাবে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, নির্বাচিত হলে আমিও ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করব।’
এদিকে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ২৫ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাঈদ খোকনের প্রধান নির্বাচনী প্রচারকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
মির্জা আব্বাস: ঢাকা দক্ষিণে মেয়র পদে বিএনপি-সমর্থক প্রার্থী মির্জা আব্বাস নির্বাচনী প্রচার শুরু করেননি। তিনি এখনো আত্মগোপনে আছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। মির্জা আব্বাসের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম গতকাল সাংবাদিকদের জানান, মির্জা আব্বাস ৩৭টি মামলায় জামিনে আছেন। কিন্তু তিনটি মামলায় তিনি জামিন পাননি। জামিন না পেলে তিনি নির্বাচনী প্রচার শুরু করতে পারছেন না।
মির্জা আব্বাসের মিডিয়া উইংয়ের সদস্য জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, আজ বুধবার তাঁর পক্ষে নির্বাচনী প্রচার শুরু হবে।
মোহাম্মদ সাইফুদ্দিন: জাতীয় পার্টি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন তাঁর নিজ এলাকায় লালবাগের আমলীগোলা বেলা ১১টার দিকে নির্বাচনী প্রচার শুরু করেন। সেখানে তিনি রাস্তার পাশের দোকানদার ও পথচারীদের সঙ্গে হাত মেলান ও দোয়া চান। এ সময় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা অতীতের মেয়রদের কাজ দেখেছেন। তারা দলের মধ্যে থেকে কাজ করছে, বের হতে পারেনি। আমি মেয়র নির্বাচিত হলে সম্পদ বাড়বে না, কমবে।’
বজলুর রশীদ ফিরোজ: আজ বেলা ১১টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিক প্রচারে নামবেন ঢাকা দক্ষিণে সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ। তবে গতকাল তিনি সেগুনবাগিচা এলাকায় গণসংযোগ করেন। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার চালানো যাবে। এই হিসাবে প্রার্থীরা ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।