
গ্রামের বাড়ির চারপাশে লাউয়ের মাচা বা সিরষাখেত থাকার কথা। কিন্তু কোথায় কী? বাড়ির আশপাশসহ মাইলের পর মাইল শুধু লাল গোলাপ। গ্রাম্য হাটে সওদাপাতির জায়গায় বেচাকেনা হচ্ছে গোলাপ। বলতে গেলে কয়েকটি গ্রামের মানুষের জীবিকার প্রধান উৎসই এই গোলাপ। গ্রামগুলো গোলাপের গ্রাম নামে পরিচিতিও পেয়েছে।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়া, মোস্তাপাড়া, বাগনীবাড়ি, শ্যামপুর, সাদুল্লাপুরসহ কয়েকটি গ্রামের মানুষের সকাল শুরু হয় গোলাপখেতে, আর সন্ধ্যা থেকে স্থানীয় বাজারে ঢাকার পাইকারদের হাতে ফুল বিক্রির মাধ্যমে তা শেষ হয় হয়।
গত শনিবার বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গ্রামগুলো ঘুরে দেখা যায়, গোলাপকে কেন্দ্র করেই ঘুরছে এখানকার অর্থনীতির চাকা। ২০-৩০ বছর ধরেই এ এলাকাগুলোতে গোলাপের চাষ হচ্ছে। প্রতিদিন প্রতি বিঘা জমি থেকে ৪০০ বা ৫০০ ফুল কাটা হয়। মাইলের পর মাইল গোলাপ ফুলের শোভা থাকলেও তা থেকে সুবাস বের হয় না। একসময় সুবাস ছিল, কিন্তু কীটনাশকের ব্যবহারে সুবাস হারিয়ে গেছে।
সাভার কলেজ থেকে ডিগ্রি পাস করা মনোয়ার খোকন জানালেন, তাঁর বাবার পর তিনি ব্যবসার হাল ধরেছেন। ৬০ শতাংশ জায়গায় গোলাপের চাষ করেছেন। তাঁদের চাষ করা গোলাপ ঢাকা, চট্টগ্রাম এমনকি দেশের বাইরেও যাচ্ছে। ষোলোই ডিসেম্বর, একুশে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, পয়লা বৈশাখ, নববর্ষসহ বিশেষ দিনে ফুলের চাহিদা বেড়ে যায়, তখন বেচাবিক্রিও ভালো হয়।
গোলাপচাষিরা জানালেন, গোলাপখেত থেকে বিকেলে ফুল কেটে তা প্রথমে বাড়িতে নেওয়া হয়। পানি দিয়ে তা টাটকা রাখা হয়। সন্ধ্যার পর স্থানীয় বাজারে বিক্রি হয়। কেউ কেউ সরাসরি ঢাকায় নিয়ে বিক্রি করেন। স্থানীয় বাজার থেকে গভীর রাতে তা ঢাকা পৌঁছায়। এ প্রক্রিয়ায় ফুলের দাম বাড়তে থাকে। স্থানীয় বাজারে প্রতিটি গোলাপ দেড় থেকে তিন টাকায় বিক্রি হয়। ঢাকায় ক্রেতারা একেকটি গোলাপ কেনেন ১০-১৫ টাকায়।
গোলাপের পরিচর্যায় টিএসপি, ইউরিয়া, পটাশ, খইল, গোবর দিতে হয়। পানি দিতে হয় ১৫ দিন পরপর। এ ছাড়া নিড়ানিসহ বিভিন্ন কাজ তো আছেই।
গোলাপখেতে নারী ও পুরুষ শ্রমিকেরা কাজ করেন। স্থানীয় নারীরা গোলাপ খেতে তেমন একটা কাজ করেন না। যে শ্রমিকেরা কাজ করেন, তাঁরা মূলত নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন।
৭০ বছর বয়সী সুরুজ মিয়া ২০ বছর ধরে গোলাপের চাষ করছেন। দেড় পাখি জায়গায় তাঁর গোলাপের চাষ। তিনি জানালেন, এলাকার চাষিরা নিজেদের গরজে নিজের জায়গায় ফুলের চাষ করছেন। একজনের কাছ থেকে আরেকজন গাছের পরিচর্যার বিভিন্ন কৌশল শেখেন।
মনোয়ার হোসেন নামের এক তরুণ জানালেন, ‘বলতে পারেন বুদ্ধি হওনের পর থেকেই গোলাপ দেখতাছি। এইটা একটা কাঁচাবাজার, এই বিকায়, তো এই বিকায় না। রোজার মাসে আইলে বলতাম, খেতের ফুল কাইট্যা লইয়া যান। আবার সামনে প্রেম দিবস (ভালোবাসা দিবস) আছে, ওই দিন হয়তো বিক্রি হইব অনেক।’
বিভিন্ন এলাকা ঘুরে জানা গেল, প্রায় ৯০ শতাংশ মানুষের গোলাপখেত আছে। এলাকাগুলোতে প্রায়ই দালানবাড়ি চোখে পড়ল। বেশির ভাগ বাড়িতেই টেলিভিশন আছে। ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এলাকায় নারী নির্যাতনসহ বিভিন্ন সন্ত্রাস অনেকটাই কম। একসময় বাল্যবিবাহ বেশি হলেও এখন কমে এসেছে।
মেরিন্ডা, হাজারি, লিংকন, পাপা মিলন, বধূয়া বা হলুদ ও সাদা গোলাপের চাষ হয়। তবে বাজারে চাহিদা বেশি লাল মেরিন্ডার। গোলাপের গ্রামগুলোর সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। ফলে প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে লোকজন গিয়ে ভিড় জমাচ্ছেন গ্রামগুলোতে।
সন্ধ্যা নামতেই গ্রামগুলোর চেহারা পাল্টাতে থাকে। গ্রামের রাস্তা দিয়ে মাথায় গোলাপ ফুলের টুকরি নিয়ে একেকজন ছুটছেন হাটে। সন্ধ্যা পেরিয়ে রাত বাড়তে থাকলে বেচাবিক্রি বাড়তে থাকবে। রাত নয়টার দিকে বাড়ি ফিরবেন তাঁরা। সকাল থেকে আবার গোলাপসেবা।