জীবন চলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলের ডিআইটি অ্যাভিনিউর ফুটপাতে ভ্যানে করে ইসবগুলের ভুসি, তোকমা, হালিমদানা, তালমাখনা আর কিশমিশ বিক্রি করছিলেন মো. মনির। পবিত্র রমজান মাসে এসব পণ্যের চাহিদা বেশি। তাই কিছুটা ব্যস্ত তিনি। এই ব্যস্ততার ফাঁকে কথা বলেন তিনি।

ঢাকায় ভ্রাম্যমাণ ব্যবসা করে জীবন চলে মনিরের। জানালেন, পাইকারি দামে চকবাজার থেকে মালামাল কিনে আনেন। এরপর ভ্যানে করে বিক্রি করেন। জানালেন ১০০ গ্রাম ইসবগুলের ভুসি ৮০ টাকা, ১০০ গ্রাম তালমাখনা ৪০ টাকা, তোকমা দানা ২০ টাকায় বিক্রি করেন। তিনি আরও বিক্রি করেন কালোজিরা। তিন ধরনের কিশমিশ বিক্রি করেন মনির। এগুলো বিক্রি করছেন ১০০ গ্রাম ৪০ টাকা করে। এর মধ্যে একটির দাম একটু বেশি। কারণ হিসেবে বললেন, ওটা পাকিস্তানি কিশমিশ। বাকিগুলো কোন দেশের তা বলতে পারেননি। তবে সেগুলোর দাম তুলনামূলক কম।

মনির জানালেন, রমজান মাসের কারণে এখন শরবতের উপাদান বিক্রি করেন। ডিআইটি অ্যাভিনিউতে ভ্যানে করে এসব পণ্য বেচাকেনা করেন তিনি। সন্ধ্যার আগেই চলে যান মানিকনগরের বাসায়। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গে ইফতার করেন।

মনির জানালেন, রমজান মাস ছাড়া অন্য সময়ে বিভিন্ন ধরনের কাজ করেন। গরমে শরবত বিক্রি করেন। এ ছাড়া গুলিস্তানে ভ্যানে করে বাদাম বিক্রি করেন।

মনিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বয়স ৪০ ছুঁইছুঁই। ঢাকায় এসেছেন ৩০ বছর আগে। স্ত্রী সরিফা বেগম এবং চার সন্তান নিয়ে থাকেন ঢাকায়। পাঁচ সন্তানের একজন মেয়ে, বাকি চারজন ছেলে। বড় ছেলে কাজল বাবার কাজে সহায়তা করে। মেজ মেয়ে সোনিয়া, তৃতীয় ছেলে জুনায়েদ পড়েছে পঞ্চম শ্রেণি পর্যন্ত। চতুর্থ ছেলে জিহাদ পড়ছে চতুর্থ শ্রেণিতে, পঞ্চম ছেলে রিফাদ পড়ছে তৃতীয় শ্রেণিতে। মেয়ে সোনিয়া বেগমকে পড়িয়েছেন সপ্তম শ্রেণি পর্যন্ত। তার বিয়ে হয়েছে তিন বছর আগে। থাকে কিশোরগঞ্জে স্বামীর বাড়িতে।

ব্যবসা কেমন চলছে—জানতে চাইলে মনির বলেন, কোনোমতে খেয়ে-পরে দিন চলে যাচ্ছে।

মনির চান, সন্তানেরা তাঁর মতো ফুটপাতে কাজ না করে অন্য কোনো ভালো কাজ করবে। ছোট দুই ছেলেকে পড়াশোনা করানোর ইচ্ছা আছে তাঁর। যাতে তারা পড়াশোনা শেষে চাকরি করতে পারে।

তবে সন্তানদের পড়াশোনা করাতে পারবেন কি না, তা নির্ভর করছে টাকার ওপর। বললেন, টাকাপয়সার ব্যবস্থা করতে পারলে পড়াশোনা করাবেন, না হলে নয়।

বড় ছেলেকে বিদেশে পাঠাতে চান মনির। এ জন্য তাঁর পাসপোর্টও করিয়েছেন। এখন চলছে টাকা জোগাড়ের চেষ্টা। বললেন, ‘বাপ হিসেবে দায়িত্ব আছে না?’

এভাবে ফুটপাতে ব্যবসা করতে আর ভালো লাগে না মনিরের। কারণ, এ কাজে অনিশ্চয়তা বেশি। প্রতিদিন বিভিন্নজনকে চাঁদা দিতে হয়। আর কখন ফুটপাত থেকে সরিয়ে দেয়, সেই অনিশ্চয়তা তো আছেই।

ভবিষ্যতে কী করতে চান—জানতে চাইলে মনির বলেন, ‘সামনের দিন নিয়ে আশা অনেক বড়। একটা ব্যবসাপ্রতিষ্ঠান করার ইচ্ছা আছে। রাস্তায় থাকুম না।’ ব্যবসা হিসেবে তাঁর প্রথম পছন্দ মুদিদোকান। কিন্তু তাঁর পরিকল্পনা অনুযায়ী, মুদি দোকান দিতে হলে দরকার চার-পাঁচ লাখ টাকা। সেই টাকা কোথা থেকে আসবে, তা জানেন না তিনি।